
আইনেট প্রতিনিধিঃ রাজ্যের ১৬ টি নগর সংস্থার নগর ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২৫ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ২-৩ দিনের মধ্যেই তারা রাজ্যে এসে পৌঁছে যাবেন। তাদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রবিবারের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিন নগর ভোটের প্রস্তুতি পর্ব সম্পর্কে বলতে গিয়ে এই কথা জানান রাজ্য নির্বাচন কমিশনার ডঃ পিকে চক্রবর্তী। তিনি জানান, ১৬ টি নগর সংস্থার ভোট গ্রহণের জন্য ৭০৪ টি পুলিং স্টেশন চিহ্নিত করা হয়েছে। আগরতলা পৌর নিগমের ৫১ টি ওয়ার্ডের জন্য ৪৩৯ টি ভোট কেন্দ্র রয়েছে। কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে তা রবিবারের মধ্যেই রাজ্য পুলিশের ডিজিপি ,আইজি আইনশৃঙ্খলা এবং রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠক করে নির্ধারণ করবেন। রাজ্য নির্বাচন কমিশনার আরো জানান ,এর মধ্যেই রাজ্যে ১৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী রয়েছে ।২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পেলে মোট ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের কাজে ব্যবহার করা হবে। এদিন রাজ্য নির্বাচন কমিশনার জানান ,কেন্দ্রীয় নির্বাচন কমিশনের গাইডলাইনে ৮৫ বছর বা তার ঊর্ধ্ব ভোটারদের জন্য বাড়ি বাড়ি ভোট গ্রহণের ব্যবস্থা রয়েছে ।কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের নিয়মে এখন পর্যন্ত এই ব্যবস্থা সংযোজন করা যায়নি। সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কোন প্রস্তাব গ্রহণ করেনি। তিনি আরো জানান ,এখন পর্যন্ত নগর ভোটের প্রস্তুতি পর্ব নিয়ে সিপাহীজলা জেলা ,পশ্চিম ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা এবং গোমতি জেলায় পর্যালোচনা সভা করা হয়েছে।