
আইনেট প্রতিনিধিঃ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকল্প নেই জানিয়ে তরুণদের এই খাতে এগিয়ে আসতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইউরোপের অনেক দেশ এ খাতের বিকাশের মাধ্যমেই অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা এবং দক্ষ জনবলের সংকট এ খাতের বিকাশে বড় বাধা। সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। এসএমই খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ নীতিমালার মূল লক্ষ্য বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে গড়ে তোলা।