
আইনেট প্রতিনিধিঃ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম প্রধান ও শ্রেষ্ঠ ধর্মীয় আচার হল কঠিন চীবর দান। এই অনুষ্ঠানে প্রবারণা পূর্ণিমার পরবর্তী এক মাসের মধ্যে ত্রৈমাসিক বর্ষাব্রত পালনকারী ভিক্ষু সংঘকে বিশেষ নিয়মে তৈরি চীবর অর্থাৎ বস্ত্র দান করা হয়। প্রতিবছর আষাঢ়ি পূর্ণিমায় ভিক্ষু সংঘের বর্ষাব্রত শুরু হয় । প্রবারণা পূর্ণিমা অর্থাৎ লক্ষ্মী পূর্ণিমায় এই বর্ষা ব্রত সমাপ্ত হয়। বর্ষা ব্রত সমাপ্তির এক মাসের মধ্যে এই অনুষ্ঠান করতে হয়। সেই মত নিয়ম মেনে রবিবার আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এবছর এটি ছিল ৪৯ তম পবিত্র ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে এদিন মন্দির প্রাঙ্গণে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। এদিন এই উৎসব প্রসঙ্গে আগরতলার বেনুবন বুদ্ধ বিহারের অধ্যক্ষ ডক্টর ক্ষেমাসারা জানান ,কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র দান ।এই উৎসবের আকর্ষণ হল বৌদ্ধ ধর্ম গুরুদের জন্য বিশেষ বস্ত্র প্রস্তুত করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বণন করা চীবর বা বস্ত্র বৌদ্ধ ধর্মগুরু বা ভান্তেদের হাতে তুলে দেওয়া। এই উপলক্ষে এদিন সকালে বেনুবন বুদ্ধ বিহারে বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় বৌদ্ধ ধর্ম গুরু উপস্থিত পুন্নার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় নির্দেশনা প্রদান করবেন বলে জানান তিনি।