
আইনেট প্রতিনিধিঃ আসন্ন তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ক্রমশ ঝাঁঝ বাড়াচ্ছে শাসক দল বিজেপি। প্রতিটি ওয়ার্ডে নিজেদের প্রার্থীদের সমর্থনে জনসংযোগ ও প্রচার অভিযানকে আরও জোরদার করে তুলেছে দলীয় নেতৃত্ব। এরই ধারাবাহিকতায় তেলিয়ামুড়া পুর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী শুভদীপ দাসের সমর্থনে রবিবার অনুষ্ঠিত হয় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান।
এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত থেকে প্রচারে নেতৃত্ব দেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। পাশাপাশি ২৭ কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরীও এই প্রচার অভিযানে শামিল হন। দুই বিধায়কের উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জনসংযোগ অভিযানের মাধ্যমে এলাকার বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন নেতৃত্বরা। পাশাপাশি বিজেপি মনোনীত প্রার্থী শুভদীপ দাসের সমর্থনে ভোটারদের কাছে সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করা হয়। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের নিবিড় জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির বার্তা দিতে চাইছে।
সব মিলিয়ে আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচার অভিযান ক্রমশ আরও গতি সঞ্চার করছে।