img


প্রথম এসসিও সিভিলাইজেশন ডায়ালগ ফোরামের ‘জ্ঞান ভারতম’ অধিবেশন পুনর্বার যুক্ত করলো পাণ্ডুলিপি ঐতিহ্যকে; ভাষা, লিপি এবং পাণ্ডুলিপি পরম্পরা


আইনেট  প্রতিনিধিঃ    ভারতের পাণ্ডুলিপি ঐতিহ্য—যার মধ্যে রাষ্ট্রনীতি, অর্থনীতি, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিজ্ঞান, কৃষি এবং সুস্থায়ী জীবনযাত্রার জ্ঞান অন্তর্ভুক্ত—এক সমৃদ্ধ সভ্যতার যাত্রাপথকে তুলে ধরে। এই যাত্রাপথে লিপি, ভাষা ও জ্ঞানের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মধ্যে জ্ঞানের আদান-প্রদান ঘটেছে। ঋগ্বেদের প্রার্থনা ‘আ নো ভদ্রাঃ ক্রতবো যন্তু বিশ্বতঃ’ (অর্থাৎ, সব দিক থেকে আমাদের কাছে মহৎ চিন্তাভাবনা আসুক)—এই মূল চেতনার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই অভিন্ন ঐতিহ্যই ছিল ‘ভাষা, সাহিত্য, লিপি ও পাণ্ডুলিপি ঐতিহ্য’ বিষয়ক চতুর্থ অধিবেশনের মূল বিষয়বস্তু। সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে ‘জ্ঞান ভারতম মিশন’-এর আওতায় ২০২২ সালের ২২ নভেম্বর নয়াদিল্লির পুরানা কেল্লায় এই অধিবেশনটি আয়োজিত হয়। এসসিও সদস্য রাষ্ট্র এবং সংলাপ অংশীদার দেশগুলির বিশিষ্ট পণ্ডিত, বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা এই অধিবেশনে একত্রিত হয়ে অভিন্ন পাণ্ডুলিপি ঐতিহ্য এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।এই অধিবেশনটি ছিল ‘প্রথম এসসিও সভ্যতা সংলাপ ফোরাম’-এর অংশ, যা ২০ থেকে ২২ নভেম্বর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন।সংস্কৃতি মন্ত্রকের ‘জ্ঞান ভারতম মিশন’-এর সিইও তথা যুগ্ম সচিব শ্রী ইন্দ্রজিৎ সিং এসসিও দেশগুলির প্রতিনিধিদের সামনে এই মিশনের লক্ষ্য ও কার্যক্রমগুলি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—জরিপ ও তালিকাভুক্তিকরণ; সংরক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি; প্রযুক্তি ও ডিজিটালাইজেশন; ভাষাবিজ্ঞান ও অনুবাদ; এবং গবেষণা, প্রকাশনা ও প্রচারমূলক কার্যক্রম। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও এর সমন্বিত রূপ—‘জ্ঞান-মিত্রম এআই’, ‘পাণ্ডুলিপি দর্পণ’ এবং ‘ভারতীয় জিপিটি’-র মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি তুলে ধরেন। এছাড়া, ‘জাতীয় পা ণ্ডুলিপি জরিপ’-এর মাধ্যমে ১ কোটি ২৬ লক্ষেরও বেশি পাণ্ডুলিপির সন্ধান পাওয়ার মতো উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের বিষয়টিরও তিনি উল্লেখ করেন।     মিশনের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে তিনি বলেন, “জ্ঞান ভারতম মিশনের ক্ষেত্রে এটি যেমন একটি দায়িত্ব, তেমনই একসঙ্গে কাজ করার একটি আমন্ত্রণও বটে।” তিনি এসসিও অঞ্চল জুড়ে ভারতীয় লিপিসমূহের গুরুত্ব এবং বিশ্বব্যাপী সংলাপ গড়ে তোলা ও জ্ঞানের একটি আন্তর্জাতিক ডিজিটাল ভাণ্ডার তৈরিতে পাণ্ডুলিপির ভূমিকার ওপর আলোকপাত করেন।