
আইনেট প্রতিনিধিঃ নির্বাচনের আগে শাসক দল বিজেপির সাম্প্রতিক মাস্ক বাহিনীর মিছিল কে কেন্দ্র করে আগতলা পৌরনিগম সহ নির্বাচন অনুষ্ঠিতব্য ১৬ টি নগর সংস্থায় ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বিজেপির মাস্ক বাহিনীর মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রবিবার প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন পেশ করেছে। সোমবার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সোমবার তিনি ২০২১ সালের নগর ভোটের ভোট সন্ত্রাসের বিস্তারিত তুলে ধরে বলেন, ভোটারদের মনে ভয়ের বাতাবরণ তৈরি করতেই দুষ্কৃতীদের মাস্ক লাগিয়ে টুপি পরিয়ে রাস্তায় নামানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ প্রশাসন কেন স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেনি তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিষয়টি নিয়ে নীরবতা ভঙ্গ করে পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য নির্বাচন কমিশননারের নিকট দাবি জানান পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা। এদিকে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি জানান, বিষয়টি নিয়ে পার্টির সাথে তিনি কথা বলেছেন। দল বিষয়টি দেখছে। মুখ্যমন্ত্রী জানান, আমরা এগুলো করতে চাই না ।এসমস্ত ব্যাপারে আমরা প্রশ্রয় দেই না। বিষয়টি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে ।রিপোর্ট হাতে না এলে বিস্তারিত বলা যাবে না। অন্যভাবেও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করছেন বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।