img


বামুটিয়া বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ, সাত দিন ধরে বিদ্যুৎহীন দুই পরিবার


আইনেট  প্রতিনিধিঃ     বামুটিয়া বিদ্যুৎ বিভাগের অধীন গোচামুড়া এলাকার বাসিন্দা যুগল মুন্ডা ও সঞ্জীব মুন্ডার বিদ্যুতের কোনও বিল বকেয়া নেই। নিয়মিত তাঁরা বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। অভিযোগ, তাঁদের পাড়ার কয়েকজন গ্রাহকের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই দুই পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে গত সাত দিন ধরে অন্ধকারে দিন কাটাতে হচ্ছে তাঁদের।এই সমস্যার সমাধান চেয়ে বামুটিয়া বিদ্যুৎ বিভাগের অফিসে যোগাযোগ করলে অভিযোগ, তাঁদের পাড়ার অন্যান্য বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে অথবা তাঁদের অফিসে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যরা। তাঁদের প্রশ্ন, অন্য গ্রাহকদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার দায় কেন তাঁদের নিতে হবে? বিদ্যুৎ বিল আদায় করা বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব, তার জন্য নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা কতটা যুক্তিসংগত?      পাশাপাশি বামুটিয়া বিদ্যুৎ বিভাগের সিনিয়র ম্যানেজারসহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে কোনও শর্ত ছাড়াই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে হবে।