
আইনেট প্রতিনিধিঃ আসন্ন তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ক্রমশ গতি বাড়াচ্ছে শাসক দল বিজেপি। প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব ও দলীয় প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় তেলিয়ামুড়া পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী গৌরী শংকর রায়ের সমর্থনে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে সামিল হন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। এদিন তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচার চালান।
তবে এদিনের জনসম্পর্ক অভিযানে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল এক পরিবারের তিনজন ভোটারের সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান। বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা তলে সামিল হন। এই যোগদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
নির্বাচনের প্রাক্কালে একই পরিবারের তিন ভোটারের দলবদল ১১ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচার অভিযানে যে বাড়তি মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য। জনসম্পর্ক অভিযান ও নতুন যোগদানকে কেন্দ্র করে এদিন দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।