img


হুয়াংকে পদে ফেরানোর পর ট্রাম্প বললেন, ‘এটি আমি করিয়েছি’


আইনেট  প্রতিনিধিঃ      কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে নিজেই রাজি করিয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি সরাসরি পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন।  

ট্রাম্প বলেন, ‘আমি বোর্ডের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে কথা বলেছি এবং এ বিষয়ে আমি খুবই দৃঢ় ছিলাম। আর কোম্পানিটির সঙ্গে যা ঘটছিল তা দেখে আমার অনুভূতি আরও দৃঢ় হয়, কারণ আমার কাছে সেটি ছিল আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।’

ট্রাম্প বলেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে তার কাছে নিশ্চয়তা চেয়েছিল। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে। তার ভাষায়, ‘আমরা যতটুকু জানি, সে অনুযায়ী তাদের নিশ্চয়তা দিয়েছি। আর আমরা অনেক কিছুই জানি।’   

হুয়াংকে আবার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তার মতে, হুয়াংকে প্রতিষ্ঠানটির নেতৃত্বে রাখা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।

ট্রাম্প বলেন, ‘মানুষ প্রশ্ন করে, তাকে দায়িত্বে রাখা কি কোনো হুমকি? না, বরং তাকে হারানোই হুমকি।’

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার শেয়ারের দরপতন এবং সামগ্রিক শেয়ারবাজারের ওপর এর প্রভাবের বিষয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ পরিস্থিতি তাকে হুয়াংকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে প্রভাবিত করেছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘সম্ভবত তাই।’ তবে তার মতে, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটির নেতৃত্ব ও সক্ষমতা ধরে রাখা।

ট্রাম্প আরও জানান, পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর রোববার রাতে তিনি হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন। তখন তাকে শুধু কঠোর পরিশ্রম করে যাওয়ার পরামর্শ দিয়েছেন।