img


রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ই-রিক্সা


আইনেট  প্রতিনিধিঃ        প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও এই ধরনের বেপরোয়া যান চলাচলের কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এরকমই এক দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার, দুপুরে চাঞ্চল্য ছড়ায় তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া হাতাইকতুর ইকোপার্ক সংলগ্ন এলাকায়। জানা যায়, লোকমুখে ‘হেলিকপ্টার’ নামে পরিচিত একটি টমটম ই-রিক্সা পাঁচ থেকে ছয়জন যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছিল। অভিযোগ, ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করেই গাড়িটি চলার সময় একটি বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ই-রিক্সাটির। সংঘর্ষের অভিঘাতে চালকসহ গাড়িতে থাকা পাঁচজন যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান।
এই দুর্ঘটনায় ই-রিক্সা চালক গুরুতর আহত হন বলে জানা গেছে। তবে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা তেমন গুরুতর আঘাত পাননি। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা দ্রুত অগ্নিনির্বাপক দপ্তরে খবর পাঠান। খবর পেয়ে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা শুরু করেন।
তবে এই দুর্ঘটনা ফের একবার ই-রিক্সার বেপরোয়া চলাচল এবং সড়ক নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিল। কতজন যাত্রী বহন করার অনুমতি রয়েছে, চালকের বৈধ লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কি না, ট্রাফিক আইন আদৌ মানা হচ্ছে কি না—এসব বিষয় কি নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে? নাকি দুর্ঘটনা ঘটার পরই কেবল নড়েচড়ে বসবে সংশ্লিষ্ট দপ্তর?
সাধারণ মানুষের প্রশ্ন, আর কত দুর্ঘটনা ঘটলে ই-রিক্সার এই লাগামছাড়া দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে ট্রাফিক দপ্তর