
আইনেট প্রতিনিধিঃ মঙ্গলবারও আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্তের সমর্থনে প্রচারে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন সংশ্লিষ্ট ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন বিজেপি প্রার্থী রত্না দত্ত এবং প্রচুর সংখ্যক মহিলা কর্মী সমর্থক। এদিন এই প্রচারে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী জানান, অন্যান্য দিনের মতো এদিনও ২০ নম্বর ওয়ার্ডে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। নির্বাচক মন্ডলীর প্রতি রত্না দত্তের সমর্থনে ভোটদানের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নির্বাচনে বিজেপি প্রার্থী ভালো ফলাফল করবে বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, তিনিও দলের বাইরে নন। দলের সিদ্ধান্ত অনুসারেই ভোট প্রচারে অংশগ্রহণ করছেন তিনি। উল্লেখ্য এই নিয়ে ছয় দিন আগরতলা পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে ভোট প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে বিরোধী রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। এদিকে এদিনও প্রার্থীকে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রচারে কর্মী-সমর্থকদের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।