
আইনেট প্রতিনিধিঃ ‘রামায়ণ’ ছবির নির্মাতাদের বিপাকে পড়ার ঘটনা যেন থামছেই না। মুম্বাই ও কোলাপুরে প্রতিবাদের পর এবার ‘হিন্দু জনজাগৃতি সমিতি’ সংগঠনটির পক্ষ থেকে নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছবিটির নির্মাতা নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারি। হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র সতীশ কোচরেকার মুম্বাইয়ের মুলুন্ড ওয়েস্ট থানায় এই অভিযোগ করেছেন। তার অভিযোগ, ছবিটিতে মূল কাহিনি বিকৃত করা হয়েছে এবং এর ফলে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিযোগের বিস্তারিত তথ্য ও আপত্তিগুলোর তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। অভিযোগ অনুযায়ী, ছবিতে রাবণকে (যশ) দরিদ্রদের ত্রাতা ও নারীদের রক্ষাকর্তা হিসেবে দেখিয়ে মহিমান্বিত করা হয়েছে। পাশাপাশি, রাক্ষসদের ভয়ে ভগবান রামকে পালিয়ে যেতে দেখানোর বিষয়েও আপত্তি তুলেছে তারা। এ ছাড়া শূর্পণখার ঘটনা নিয়ে লক্ষ্মণকে সীতা বকাঝকা করছেন—এমন দৃশ্য দেখিয়ে সীতার চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।