
আইনেট প্রতিনিধিঃ ক্যারিয়ারের হাজারতম গোলের আরও কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের ৯৮৭তম গোলটি করেছেন পর্তুগিজ এই মহাতারকা। তার পেনাল্টি থেকে করা গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে কাতারের ক্লাব আল সাদকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। সৌদি প্রো লিগে টানা দুটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়ার পর এবার স্পটকিক থেকে সফল হয়েছেন রোনালদো। আল নাসরের হয়ে এটি ছিল তার তৃতীয় পেনাল্টি। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের লক্ষ্য এখন ক্যারিয়ারের হাজার গোলের মাইলফলক। সেই লক্ষ্যে পৌঁছাতে তার প্রয়োজন আর মাত্র ১৩টি গোল।
গোল হজমের ১০ মিনিটের মধ্যেই মোহাম্মেদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। বিরতির আগে রোনালদো নিজের দ্বিতীয় গোল করলেও ভিএআরের সহায়তায় সেটিকে অফসাইড ঘোষণা করেন রেফারি। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন আল সাদের হয়ে গোল করা ওয়াদ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় কাতারের ক্লাবটিকে। সংখ্যাগরিষ্ঠ খেলোয়াড় নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের ৫২ মিনিটে জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আল নাসরের।