
আইনেট প্রতিনিধিঃ আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সংঘটিত না হয় এবং নির্বাচন প্রক্রিয়া যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল প্রশাসন। বুধবার সরব প্রচার শেষ হওয়ার পর সন্ধ্যায় খোয়াই পুর এলাকায় পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ ফ্ল্যাগ মার্চ। রিটার্নিং অফিসার তথা মহকুমা ম্যাজিস্ট্রেট রিমিতা সাহার উপস্থিতিতে এই ফ্ল্যাগ মার্চের আয়োজন করা হয়। এদিন খোয়াই ভগৎ সিং জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে ফ্ল্যাগ মার্চটি শুরু হয়। সেখান থেকে খোয়াইয়ের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করেন নিরাপত্তারক্ষীরা। নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া, ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করা এবং যেকোনও ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।f