img


চুরাইবাড়িতে পুলিশের বড়সড় সাফল্য, দুই বলেরো গাড়ি থেকে উদ্ধার ১১৪ কার্টুন বিলেতি মদ।


আইনেট  প্রতিনিধিঃ     অসম থেকে ত্রিপুরায় প্রবেশের মুখেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পুলিশের জালে ধরা পড়ল মদ পাচারের একটি চক্র। ঘটনায় দুটি যাত্রীবাহী বলেরো গাড়ি সহ দুই গাড়ি চালককে আটক করেছে পুলিশ।      জানা গেছে,   মঙ্গলবার বিকেলে AS11S/5551 এবং AS01EU/9104 নম্বরের দুটি বলেরো গাড়ি অসম থেকে ত্রিপুরায় প্রবেশের সময় কর্তব্যরত চুরাইবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গাড়ি দুটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ি দুটির ভিতর থেকে সাতটি ব্র্যান্ডের মোট ১১৪ কার্টুনে ২,০৭৬ বোতল বিলেতি মদ উদ্ধার হয়।এই ঘটনায় পুলিশ গাড়ি দুটির চালক মনগোপাল দাস (৩৬), পিতা মৃত নগেন্দ্র দাস, বাড়ি শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের হাফলং এলাকায় এবং বাদশা মিয়া (৩৯), পিতা মৃত সালামত মিয়া, বাড়ি ধর্মনগর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ মুখার্জি এলাকায়—এই দুইজনকে আটক করেছে।  চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় চার লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার হয়েছে। মদ বোঝাই দুটি গাড়ি সহ চালকদের আটক করে আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ।প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া বিলেতি মদ অসমের লোহারপোয়া থেকে চামটিল্লায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই মদের মালিক লোহারপোয়ার রাজু ভট্টাচার্য বলে জানা গেছে। তবে এই পাচারকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে  চুড়াইবাড়ি থানার পুলিশ।