img


মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার


আইনেট  প্রতিনিধিঃ     পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন। ৭৫তম আসরের চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নোত্তর ও সার্বিক মূল্যায়নে সেরা নির্বাচিত হন তিনি। প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ।

পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। শুরুতে ঘোষণা করা হয় সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হন সেরা ১২ জন। ইভনিং গাউন পর্ব শেষে তাঁদের মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরা পাঁচজন প্রতিযোগীকে।

সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ ও পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।

চূড়ান্ত পর্বে বিচারকদের দুটি করে প্রশ্নের উত্তর দেন পাঁচ প্রতিযোগী । প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাঁরা ৩০ সেকেন্ড সময় পান। প্রথম প্রশ্নটি ছিল প্রত্যেকের জন্য আলাদা, তবে দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য একই। প্রশ্নোত্তর পর্ব ও সার্বিক মূল্যায়ন শেষে জেনিফার বারেত্তোকে বিজয়ী ঘোষণা করা হয়।

৭৫তম আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে বিশেষ মুকুট ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে তৈরি মুকুটটিতে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স, মেক্সিকোর ফাতিমা বশ।