
আইনেট প্রতিনিধিঃ আগরতলা পৌর নিগমের নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা জেলায় একাধিক বিধিনিষেধ জারি করলেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ড. বিশাল কুমার। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে।নির্দেশিকা অনুযায়ী, ২৫ নভেম্বর বিকেল ৪টা থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধ বহাল থাকবে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত। পৌর ও নগর সংস্থা এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগাম অনুমতি থাকলে মিলবে ছাড়।এছাড়া, একসঙ্গে তিনটির বেশি চার চাকার গাড়ি নিয়ে কনভয় করে চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি এবং শিশুদের ক্ষেত্রে স্থানীয় পুলিশের অনুমোদন সাপেক্ষে বিশেষ ছাড় দেওয়া যেতে পারে।নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই প্রশাসনের এই পদক্ষেপ।