
আইনেট প্রতিনিধিঃ শুক্রবার রাজ্যের ১৬টি নগর সংস্থায় অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এবারের নগর নির্বাচনে ১৬টি নগর সংস্থায় মোট ৭৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন ভোটার। নির্বাচনের জন্য ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর পি. কে. চক্রবর্তী। তিনি জানান, এবারের নির্বাচনে বিজেপির ২৬৬ জন, সিপিআইএমের ২২৮ জন, কংগ্রেসের ২০১ জন, তিপ্রা মথার ৯ জন এবং সিপিআই দলের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল প্রার্থী মিলিয়ে আরও প্রার্থীরা নির্বাচনী ময়দানে রয়েছেন বলে জানান তিনি।এদিন রাজ্য নির্বাচন কমিশনার আরও জানান, ১৬টি নগর সংস্থায় মোট ৭০৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর জন্য গঠন করা হয়েছে ৯০৯টি পোলিং টিম। নির্বাচনী কাজে নিযুক্ত রয়েছেন মোট ৪ হাজার ৬০০ জন ভোটকর্মী। বৃহস্পতিবার নির্ধারিত ডিসপ্যাচ সেন্টার থেকে ভোট সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পোলিং টিমের সদস্যরা। তিনি আরও জানান, ১৬টি নগর সংস্থায় মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭৬ হাজার ৬৩৮ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৮৮ হাজার ৮৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৩ জন।