
আইনেট প্রতিনিধিঃ শুক্রবার রাজ্যের ১৬টি নগর সংস্থায় অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে আগরতলা পৌর নিগমও।
আগরতলা পৌর নিগমের মোট ৫১টি ওয়ার্ডের ৪৩৯টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার থেকেই ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন ভোটকর্মীরা।
এদিন উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় ভোটকর্মীদের ভোটকেন্দ্রে যাওয়ার যাত্রা। গোটা ব্যবস্থাপনার তদারকি করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবারের নির্বাচনে তিন হাজারেরও বেশি ভোটকর্মীকে নিযুক্ত করা হয়েছে। তাঁদের যাতায়াতের জন্য প্রায় এক হাজার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ছয় হাজার পুলিশকর্মী। জেলাশাসক আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যেই প্রায় ২০ শতাংশ ভোটকর্মী তাঁদের নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন।এছাড়াও জেলা নির্বাচনী আধিকারিক জানান, ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ইভিএমের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, ৬০ জন সেক্টর অফিসার এবং ৫১ জন পুলিশ সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে।প্রতিটি ওয়ার্ডের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআরপিএফ বাহিনীর ছোট ছোট দল নিয়ে মোট ৫১টি সেকশন তৈরি করা হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পুলিশের পক্ষ থেকেও খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।