img


ধর্মনগর পুরপরিষদে ভোটগ্রহণ আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন প্রশাসনের!


আইনেট  প্রতিনিধিঃ    আগামীকাল গোটা রাজ্যের সঙ্গে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুরপরিষদেও অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা।   এদিন ধর্মনগর সরকারি বালিকা দ্বাদশমান বিদ্যালয় থেকে ইভিএম মেশিন এবং ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, বয়স্ক ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ভোটারদের সহযোগিতার জন্য প্রতিটি ভোটকেন্দ্রের সামনে থাকবে হেল্প ডেস্ক।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ধর্মনগর পুরপরিষদের ২৫টি ওয়ার্ডের মোট ৪৫টি পোলিং স্টেশনের জন্য ৪৫টি পোলিং টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত রিজার্ভ টিমও প্রস্তুত রাখা হয়েছে।

আগামীকাল সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানান, ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, প্রত্যেক ভোটারকে নির্দিষ্ট ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

সব মিলিয়ে, ধর্মনগর পুরপরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এখন সম্পূর্ণ। এখন অপেক্ষা আগামীকালের ভোটগ্রহণের।