img


খোয়াই পুর পরিষদ নির্বাচনে ইভিএম নিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা ভোটকর্মীরা!


আইনেট  প্রতিনিধিঃ       আগামী পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খোয়াইয়ে এখন জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃহস্পতিবার খোয়াই মহকুমা কার্যালয় থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশ্যে পাঠানো হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএম এবং ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী।

এদিন মহিলা পরিচালিত পোলিং স্টেশনের মহিলা ভোটকর্মীদের হাতে ইভিএম তুলে দিয়ে তাঁদের উৎসাহিত করেন খোয়াইয়ের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিমিতা সাহা।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, খোয়াই পুর পরিষদের মোট ১৫টি ওয়ার্ডে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। এর মধ্যে পাঁচটি পোলিং স্টেশন সম্পূর্ণভাবে মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত হবে। নির্বাচনী প্রক্রিয়ায় মহিলা কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের উপর বিশেষ দায়িত্ব অর্পণ করেছে প্রশাসন।

এদিন মহকুমা কার্যালয় থেকে নির্ধারিত ভোটকেন্দ্রগুলির উদ্দেশ্যে ইভিএম নিয়ে রওনা দেন ভোটকর্মীরা। প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচনী সামগ্রী বিতরণের পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।

উল্লেখ্য, খোয়াই পুর পরিষদের মোট ১৫টি পোলিং স্টেশনে ভোটগ্রহণের জন্য নিযুক্ত রয়েছেন ৭৫ জন ভোটকর্মী।

সব মিলিয়ে, খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।