
আইনেট প্রতিনিধিঃ সকালের মিষ্টি রোদ থেকে সন্ধ্যার জমাটি আলো—সাব্রুমের অলিগলিতে আজ যেন উৎসবের আমেজ। ন’টি ওয়ার্ডে নির্বিঘ্ন ভোট, নিরাপত্তার নিশ্ছিদ্র বলয় আর ৮৬.০৩ শতাংশ ভোটদানের উজ্জ্বল পরিসংখ্যানে প্রমাণ হলো, গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আস্থা কতটা অটুট। কোনো বড়সড় অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে মিটল নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ—যা স্থানীয় প্রশাসনের তৎপরতা ও ভোটারদের সচেতনতারই জয়গান।
সকাল সাতটা থেকেই সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার পাঁচটি পয়েন্টে নয়টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ শুরু হয়। দিনের শুরুতে নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি ও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সাজানো সুরক্ষা বলয় ভোটারদের মনে আস্থা জোগায়। বুথ থেকে বেরিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বিঘ্ন পরিবেশ গোটা দিনজুড়েই এক ইতিবাচক ছবি তুলে ধরে।
দিনভর ভোট শেষে প্রশাসনের হিসাব অনুযায়ী, মোট ৮৬.০৩ শতাংশ ভোট পড়েছে। উচ্চ হারে এই ভোটদান নগরবাসীর গণতান্ত্রিক সচেতনতাকেই সামনে আনে। ভোট চলাকালীন যে সামান্য কিছু অভিযোগ সামনে এসেছিল, তা দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সারাদিনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
ভোট পর্ব মিটে যাওয়ার পর ইভিএম গুলো একে একে সাবরুম মহকুমা শাসকের কার্যালয়েরর স্ট্রংরুমে জমা দেওয়ার কাজ শুরু হয়। আগামী ২ তারিখ ভোট গণনার লক্ষ্যে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রংরুম সিল করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সব মিলিয়ে, নির্বিঘ্ন পরিবেশ, কড়া নিরাপত্তা আর উঁচু ভোটদানের হার—সাব্রুমের এই ভোট যেন দেখিয়ে দিল, শান্তি ও শৃঙ্খলার পথেই এগোতে চায় গণতন্ত্রের আগামী।