
আইনেট প্রতিনিধিঃ তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে এদিন ভোট দান করলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা বলেন, এখানে পরিস্থিতি খুবই শান্ত। কোথাও কোনও বিশৃঙ্খলা নেই, রাজনৈতিক হট্টগোল নেই। ভোটের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। মানুষ আসছেন, ভোট দিচ্ছেন।
এর পাশাপাশি তিনি এক গুরুতর অভিযোগও তোলেন। তাঁর অভিযোগ, ওই ৪৬ নম্বর বুথে এলাকায় সৌরভ কর, দেবেন সূত্রধর, সুজিত ঘোষ, সুদীপ দেব ও ইলিয়াস লিটু সহ ৫ জন তাঁদের কার্যকর্তার উপর আক্রমণ করেছে এবং দুর্বল ভোটারদের ভয় দেখিয়ে ফিরিয়ে দিয়েছে।
তিনি জানান, দুইজন দিদি ফোন করে বিষয়টি জানানোর পর তিনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান। তাঁর অভিযোগ, তাঁকেও আক্রমণ করার চেষ্টা করা হয়। তাঁর নিরাপত্তারক্ষী এসে তাঁকে রক্ষা করে। পরে পুলিশ ও সি.আর.পি.এফ-কে ডাকা হলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
বিধায়িকা আরও বলেন, তিনি অভিযুক্তদের ব্যক্তিগতভাবে চেনেন, তাদের নাম-ঠিকানা সবই তাঁর কাছে আছে। আজ সন্ধ্যাতেই তিনি তাদের বিরুদ্ধে এফ.আই.আর করবেন। যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেওয়া হবে, ততক্ষণ তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন এবং তাদের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যাবস্থা নেবেন বলে জানান।