
আইনেট প্রতিনিধিঃ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ বলেছেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারতের বিকাশের ধারা শক্তিশালী, স্থিতিশীল ও নির্ভরযোগ্য রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ভারতের ওপর যে আস্থা রেখেছে, দেশ সেই আস্থার মর্যাদা রক্ষা করে চলেছে। ইন্ডিয়া ডেট ক্যাপিটাল মার্কেট সামিট ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের অর্থনৈতিক সাফল্য, ধারাবাহিক সংস্কার, ক্রমবর্ধমান বাণিজ্যিক সুযোগ এবং দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে ঋণবাজারের ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বিকাশের হার ৭.৮ শতাংশে পৌঁছেছে। দ্বিতীয় ত্রৈমাসিকেও বিকাশের এই ধারা বজায় থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন। মোট স্থায়ী মূলধন গঠন প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বছরের প্রথম সাত মাসেই ভারতের রপ্তানির পরিমাণ ৫৭০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তাঁর মতে, ভারত ১ লক্ষ কোটি মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের সঠিক পথেই এগিয়ে চলেছে। চলতি বছরের মে মাসে এই লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় তা অনেকের কাছেই প্রায় অকল্পনীয় ও উচ্চাকাঙ্ক্ষী বলে মনে হয়েছিল। পাশাপাশি, ঋণ প্রদানের ক্ষেত্রে প্রায় ১৯ শতাংশ বৃদ্ধিও একটি ইতিবাচক ইঙ্গিত, বিশেষত ঋণবাজারের পরিপ্রেক্ষিতে। শ্রী গোয়েল বলেন, একই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে দুটি যুদ্ধ চলা, আকস্মিক ভাবে তেলের দাম বাড়া, শুল্কনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ নিয়ে অনিশ্চয়তা, সমুদ্রপথে পণ্য পরিবহণে বিঘ্ন এবং বিমান চলাচলের উপর প্রভাব ফেলা বিক্ষিপ্ত হামলার মতো একাধিক চ্যালেঞ্জের মধ্যেও ভারত তার স্থিতিশীলতা প্রমাণ করেছে। এত প্রতিকূলতা সত্ত্বেও ভারতের বিকাশের ওপর বিশ্বের আস্থা অটুট রয়েছে এবং ভারত সেই আস্থার যথাযথ মর্যাদা দিয়েছে। তিনি বলেন, ভারত ক্রমাগত প্রশাসনিক ও বাণিজ্যিক প্রক্রিয়ার সংস্কার করে চলেছে, নতুন নীতি প্রণয়ন করছে, ব্যবসা করার প্রক্রিয়াকে আরও সহজ করছে এবং শিল্পোদ্যোগী ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য দ্বার উন্মুক্ত রেখেছে। আগামী ২০ থেকে ২৫ বছরের কথা মাথায় রেখে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ে তোলার স্বপ্নকে প্রশাসনিক ও নীতিনির্ধারণী ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ করা হয়েছে। একই সঙ্গে ৩০ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল, দেশে জন্ম নেওয়া প্রতিটি শিশু যেন উন্নত জীবনযাত্রা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং জীবনে এগিয়ে যাওয়ার আরও বেশি সুযোগ পায়, তা নিশ্চিত করা।