img


ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৫ মৃত্যু


আইনেট  প্রতিনিধিঃ   মশার কামড়ে ছড়ানো ওয়েস্ট নাইল ভাইরাসের ভয়াবহ প্রকোপে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলতি বছর ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন অন্তত ৬১৭ জন। এক দশকের বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে ভাইরাসটির সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে মৃত্যুর সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক আন্তর্জাতিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক অস্বাভাবিক গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।

ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মান্ডি বাড। মশার কামড়ে সংক্রমিত হওয়ার পর গত দুই মাস ধরে তিনি নিজের পা নাড়াতে পারছেন না। গত সেপ্টেম্বরে তার কোমরে তীব্র ব্যথা শুরু হলে প্রথমে তিনি এটিকে সাধারণ স্নায়ুর সমস্যা ভেবেছিলেন, কিন্তু পরবর্তীতে পা শরীরের ভার নিতে না পারায় তিনি পড়ে যান।

এরপর তাকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে ভর্তি করা হলে তার জ্বর ১০৩ ডিগ্রি ফারেনহাইট (৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত ওঠে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। মান্ডি বাড বলেন, ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে তারও মৃত্যু হতে পারত। এ কথা ভেবে তিনি এখনো আতঙ্কিত বোধ করেন।

উগান্ডায় প্রথম শনাক্ত হওয়া ওয়েস্ট নাইল ভাইরাসটি ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা এই ভাইরাস বহন করে এবং পরবর্তীতে সেই মশার কামড়ে মানুষের শরীরে তা সংক্রমিত হয়। আক্রান্তদের বেশির ভাগের শরীরে কোনো উপসর্গ দেখা না গেলেও কারও কারও হালকা জ্বর বা ফ্লুর মতো লক্ষণ দেখা দেয়।

তবে প্রায় ১ শতাংশ ক্ষেত্রে ভাইরাসটি মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে, যার ফলে স্মৃতিশক্তি লোপ, পক্ষাঘাত এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। উদ্বেগের বিষয় হলো, এ ভাইরাসের এখনো কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা আবিষ্কৃত হয়নি।