img


‘বোমা ছুড়লেও আমার তরফ থেকে শুধুই ভালবাসা থাকবে, হুমকিদাতাদের বার্তা দিলজীতের


আইনেট  প্রতিনিধিঃ      বোমা হামলার হুমকি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ— সব কিছু উপেক্ষা করেই মুম্বইয়ে অনুষ্ঠান করলেন দিলজীত দোসাঞ্ঝ। শুক্রবার, ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত হয়েছিল তাঁর ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অনুষ্ঠান। আশঙ্কা ছিল, নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে বাতিল হতে পারে অনুষ্ঠান। কিন্তু সমস্ত উদ্বেগ কাটিয়ে হাজির হন অনুরাগীরা। মঞ্চে উঠে তাঁদের ভালবাসায় ভরিয়ে দেওয়ার পাশাপাশি, বোমা হামলার হুমকি নিয়েও মুখ খোলেন পঞ্জাবি গায়ক।      অনুষ্ঠান চলাকালীন দিলজীত জানান, তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে! কিন্তু এর নেপথ্যে আসল উদ্দেশ্য কী? গায়ক জানান, মানুষকে ভয় দেখিয়ে তাঁর অনুষ্ঠানে আসা থেকে বিরত রাখাই হুমকিদাতাদের লক্ষ্য। কোনও ভাবে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই ধরনের হুমকিতে যে তিনি ভয় পাচ্ছেন না, তা স্পষ্ট করে দেন শিল্পী।   

উল্টে ঘৃণার জবাবে ভালবাসার বার্তা দেন তিনি। এ দিন মঞ্চে দাঁড়িয়ে দিলজীত বলেন, ‘‘আপনারা বোমা ছুড়লেও আমার তরফ থেকে আপনাদের জন্য শুধু ভালবাসাই থাকবে।’’ এর পরেই কবি রাহত ইন্দৌরির পঙ্‌ক্তি আওড়ান গায়ক। বলেন, ‘‘শহরে এখন বারুদের মরসুম, গ্রামে চলো, সেখানে পেয়ারার মরসুম।’’ তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুধু হুমকিদাতাদেরই নয়, অনুষ্ঠানে উপস্থিত অনুরাগীদেরও ধন্যবাদ জানান দিলজীত। তাঁদের সাহসের প্রশংসা করে বলেন, মানুষ যদি ভয় না পান, তা হলে তিনি কী ভাবে ভয় পাবেন! অনুরাগীদের এই ভালবাসার প্রতিদান কোনও ভাবেই দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।