img


ইউরোপিয়ান কাপজয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার জুয়ারির মৃত্যু


আইনেট  প্রতিনিধিঃ   ব্রাজিলের সাবেক ফুটবলার জুয়ারি জর্জ দোস সান্তোস ফিলহো মারা গেছেন। সান্তোস, আভেলিনো, ইন্টার মিলান ও পোর্তোর হয়ে খেলা এই স্ট্রাইকারের বয়স হয়েছিল ৬৭ বছর।   ১৯৮৭ সালে পোর্তোর হয়ে ইউরোপিয়ান কাপ জয়ের পথে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালে জয়সূচক গোল করেন জুয়ারি। তাঁর গোলেই ২-১ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে পর্তুগিজ ক্লাবটি। গোলের পর কর্নার ফ্ল্যাগের পাশে তাঁর নাচের উদ্‌যাপন ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে আছে।     ১৯৮০ সালে মেক্সিকান ক্লাব টেকোস থেকে ইতালির আভেলিনোতে যোগ দেন তিনি। দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন জুয়ারি। পাঁচ পয়েন্ট জরিমানার শাস্তির মধ্যেও দলকে অবনমন থেকে বাঁচাতে ভূমিকা রাখেন। তাঁর জনপ্রিয়তায় একটি গানও রেকর্ড করা হয়েছিল।   দুই মৌসুম পর ইন্টারে যোগ দেন জুয়ারি। ১৯৮২-৮৩ মৌসুমে লিগে ২১ ম্যাচ খেলে দুই গোল করেন। কোপা ইতালিয়া ও উয়েফা কাপেও একটি করে গোল করেন। ইন্টারের হয়ে মোট ৩৬ ম্যাচে চার গোল ছিল তাঁর।   ইন্টার ছাড়ার পর আসকোলি ও ক্রেমোনেসের হয়ে খেলেন। খেলোয়াড়ি জীবন শেষে ইতালিতে ফিরে কয়েকটি ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে ক্লাবটি।