img


ফ্ল্যাট ক্রয় নিয়ে কাশীপুরের শুভম আবাসন কর্তৃপক্ষের সাথে মালিকদের মতানৈক্য


আইনেট  প্রতিনিধিঃ       রাজধানীতে অনেকটাই ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে বেসরকারি আবাসন। আর এই সমস্ত আবাসন থেকে না বুঝে না জেনে ফ্ল্যাট ক্রয় করে এখন বিপাকে পড়তে শুরু করেছেন সংশ্লিষ্ট আবাসনের ফ্ল্যাট মালিকরা। এই ধরনের একটি গুরুতর অভিযোগ পাওয়া গেল রাজধানীর কাশীপুরের শুভম সলিটেয়ার আবাসনে। জানা গেছে ,এই আবাসনে ৩৫০ টির মত ফ্ল্যাট রয়েছে। প্রত্যেক ফ্ল্যাটের মালিকরাই পুরো টাকা দিয়ে তবেই ফ্ল্যাটের চাবি হাতে নিয়েছেন। বলা হয়েছিল ফ্ল্যাটের অকুপেশন সার্টিফিকেট এলে পরেই যথারীতি মালিকদের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হবে। অভিযোগ ,অকুপেশন সার্টিফিকেট আসার পর রেজিস্ট্রেশন নিয়ে শুভম সলিটেয়ার আবাসন প্রকল্পের কর্তৃপক্ষ ফ্ল্যাট মালিকদের সাথে একের পর এক প্রতারণা করে চলছে। আরো বলা হয়েছিল, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন প্রদানে বিলম্ব হলে প্রত্যেক ফ্ল্যাট মালিককে মূল টাকার দুই শতাংশ করে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এই টাকা ফিরিয়ে দিতেও শুভম সলিটেয়ার আবাসন প্রকল্পের কর্তৃপক্ষ তালবাহানা শুরু করেছে বলে অভিযোগ। আরো অভিযোগ ,ফ্ল্যাটের মালিকদের কাছ থেকে মেন্টেনেন্স খরচ বাবদ অগ্রিম টাকা নেওয়া হয়। কিন্তু আজ ছয় মাস অতিক্রান্ত হয়ে গেলেও এই টাকার কত অংশ কোন খাতে ব্যয় হচ্ছে তা কর্তৃপক্ষ মালিকদের জানায়নি। অবিলম্বে রেজিস্ট্রেশন প্রদান, মেন্টেনেন্সের হিসাব প্রদানসহ বিভিন্ন দাবিতে এদিন ফ্ল্যাটের মালিকরা ঐক্যবদ্ধ হয়ে সুভম সলিটেয়ার আবাসন প্রকল্পের ম্যানেজমেন্টের নিকট দাবি জানান। তাদের দাবি আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট দাবিগুলি পূরণ করতে হবে। অন্যথায় তারা সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে রাস্তায় নেমে আন্দোলন করবেন। এদিন শুভম সলিটেয়ার আবাসনের এক ফ্লাটের মালিক জানান ,ফ্লাটের রেজিস্ট্রেশন প্রদানে বিলম্ব হওয়ার জন্য দুই শতাংশ হারে অর্থরাশি প্রদানের তালবাহানা করায় তারা আর্থিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কারণ তারা প্রত্যেকেই ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট ক্রয় করেছেন।