img


রাতের আঁধারে রাবার বাগানে দুষ্কৃতীদের তাণ্ডব, চুরি নাকি প্রতিহিংসার বিষবাষ্প?


  আইনেট  প্রতিনিধিঃ     রাতের অন্ধকারে ফের হামলা রাবার বাগানে! শুধু রাবার লুট করেই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে একের পর রাবার গাছ। সাব্রুম রেলস্টেশন সংলগ্ন বসাকপাড়া এলাকায় এই নৃশংস তাণ্ডবে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিছক চুরির চেয়েও গভীর কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

ঘটনার নেপথ্যে— নেশাগ্রস্তদের দৌরাত্ম্য, নাকি রাজনৈতিক প্রতিহিংসা?   বাগানের মালিক তথা সাব্রুম নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পশ্মি দে রায় চৌধুরীর অভিযোগ কিন্তু আঙুল তুলছে সরাসরি রাজনীতির অন্ধকার গলির দিকেই। তাঁর দাবি, ২০১৮ এবং ২০২৩ সালের নির্বাচনের পরও ঠিক একইভাবে তাঁর বাগানে হামলা চালানো হয়েছিল। এবারের নগর পঞ্চায়েত নির্বাচনের পর ফের সেই পুরনো ছকেই আঘাত হানা হলো।

গাছগুলোকে যেভাবে নির্মমভাবে কেটে নষ্ট করা হয়েছে, তাতে কেবল আর্থিক মেরুদণ্ডই ভাঙেনি, মানসিকভাবেও চরম বিপর্যস্ত এই নারী নেত্রী। বারবার নির্বাচনের পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে তাঁকে কি তবে ভাতে মারার এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে?—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয় মহলে।

ঘটনার খবর পেয়ে পুলিশ - বিএসএফের ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবুও আতঙ্ক কাটছে না বাগান মালিকদের। মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে পশ্মি দে রায় চৌধুরী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেও, আদৌ কি এই 'প্রতিহিংসার' মুখোশ খুলবে, নাকি অন্যান্য ঘটনার মতোই এটিও অন্ধকারে তলিয়ে যাবে—সেটাই এখন দেখার।