
আইনেট প্রতিনিধিঃ রিকশায় করে নাগেরজলা ব্রিজ পার করে অন্যত্র পাচারের চেষ্টা! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ উদ্ধার করল বটতলা আউটপোস্টের পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নেতাজি চৌমুহনী এলাকা থেকে একটি রিকশায় করে বিলাতি মদ পাচারের খবর পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থান নেন পুলিশ কর্মীরা। কিছুক্ষণ পর সন্দেহভাজন রিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে সেটি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিলাতি মদ। আটক ব্যক্তি মদের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সমস্ত মদ বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। শনিবার এই অভিযান চালানো হয়। রবিবার ধৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বটতলা আউটপোস্টের ওসি শুভ্রজিত দেব।