
আইনেট প্রতিনিধিঃ উত্তর জেলার পানিসাগরে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। গ্রেফতার করা হয়েছে এক ট্রাক চালককে। ঘটনা ২৭ নভেম্বর ভোররাতের। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ১৯৯ নম্বর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের ভিজিল্যান্স শাখা এবং পানিসাগর পুলিশের যৌথ অভিযানে আসাম-আগরতলা জাতীয় সড়কে একটি সন্দেহভাজন এসএমএল ট্রাক আটক করা হয়। তল্লাশি চালিয়ে গমের বস্তার আড়াল থেকে ২২০ কার্টুনে মোট ৪৪ হাজার বোতল ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি চল্লিশ লক্ষ টাকারও বেশি। ঘটনায় ট্রাক চালক নাজির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামের শ্রীভূমি থেকে কাঠালতলী হয়ে আগরতলার উদ্দেশ্যে কফ সিরাপগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় এই নেশাসামগ্রী সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পানিসাগর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, চুড়াইবাড়ি গেট এড়িয়ে কাঠালতলী হয়ে কীভাবে বিপুল পরিমাণ নেশাসামগ্রী রাজ্যে প্রবেশ করল, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।