img


রেগার দুর্নীতি নিয়ে পথ অবরোধে বসলো রেগা শ্রমিকরা।


আইনেট  প্রতিনিধিঃ     রেগার দুর্নীতির অভিযোগ তুলে পর পর দুইদিন ব্লকের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর এবার রেগার দুর্নীতি নিয়ে পথ অবরোধে বসলো রেগা শ্রমিকরা। সদ্য সমাপ্ত হয়েছে ভিসি নির্বাচন। সমাপ্ত হয়েছে প্রতিটি এডিসি ভিলেজের চেয়ারম্যান এবং ভাইস -চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এরই মধ্যে রেগার দুর্নীতি নিয়ে ব্যাপকভাবে সরব হতে শুরু করেছে রেগা শ্রমিকরা। সংবাদে প্রকাশ গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের মূল ফটকে গত বুধবার এবং বৃহস্পতিবার তালা ঝুলিয়ে অনিয়মিত রেগার দুর্নীতি নিয়ে সরব হন বিভিন্ন এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা সুষ্ঠু তদন্তের আশ্বাশে ডুম্বুরনগর ব্লকের তালা খুলে তালাবন্দী থেকে ব্লক কর্মীদের মুক্তি দেয় বিক্ষোভকারীরা। ফের শনিবার রেগার দুর্নীতি নিয়ে সরব হয় লক্ষীপুর এডিসি ভিলেজের একাংশ রেগা শ্রমিকরা। রেগা ভিভি রামজীর কাজ শ্রমিকদের মধ্যে নিয়মিত ভাবে বন্টন হচ্ছে না এবং কাজ করলেও একাংশ শ্রমিকরা টাকা পাচ্ছে না। এমন অভিযোগ তুলে শনিবার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের লক্ষীপুর এডিসি ভিলেজের একাংশ রেগা শ্রমিক গন্ডাছড়া -অমরপুর সড়কের গাছবাগান এলাকায় পথঅবরোধে বসে। পথঅবরোধের ফলে দুইদিকে বহু ছোট বড় যান আটকা পড়ে যায়। পথঅবরোধ শুরু হয় শনিবার সকাল ৬টা থেকে। অবরোধকারীদের অভিযোগ লক্ষীপুর এডিসি ভিলেজের তিপ্রামোথা দলের কর্মী সমর্থক রেগা শ্রমিকদের নিয়ম মেনে রেগা বা ভিভি রামজির কাজ দেওয়া হচ্ছে না। তাদের দাবী নিয়ম মেনে সকল রেগা শ্রমিকদের কাজ দিতে হবে। ওই পথ অবরোধের সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিধায়িকা নন্দিতা দেব্বর্মা রিয়াং, এমডিসি ক্ষত্রজয় রিয়াং নেতৃত্ব রতনবিকাশ চাকমা এবং বিজেপি দলের নেতৃত্ব বিকাশ চাকমা। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিশাল পুলিশ বাহিনী এবং ডুম্বুরনগর ব্লকের প্রতিনিধি প্রকাশ সরকার। উভয়ের মধ্যে দীর্ঘক্ষন আলোচনার পর বেলা প্রায় সাড়ে এগারোটায় পথঅবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা। মুক্ত হয় গন্ডাছড়া -অমরপুর সড়ক। স্বাভাবিক হয় যান চলাচল। স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতদিন দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে?